হরমুজ খুলে দিতে কোনো শর্ত আরোপ উচিত নয়: কাতার
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২০:১৬
হরমুজ খুলে দিতে কোনো শর্ত আরোপ উচিত নয়: কাতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাতার কর্তৃপক্ষ বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা কোনো পক্ষই হুমকির মুখে ফেলতে পারে না এবং এটা ফের খুলে দিতে কোনো শর্ত আরোপ করা উচিত নয়। খবর আলজাজিরার।


মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনেকাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি একথা জানান।


তিনি জানান, প্রণালীটি পুনরায় খুলে দিতে এবং এর বন্ধ থাকার নেতিবাচক প্রভাব বন্ধ করতে তারা অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।


আল-আনসারি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব এবং কোনো পক্ষই এর স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে না। তিনি আরও বলেন, এই সংকটের সমাধান আঞ্চলিকভাবে হওয়া উচিত, যেখানে উপকূলীয় দেশগুলো এবং যেসব দেশ এই প্রণালীর ওপর নির্ভরশীল, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।


কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পাকিস্তানে নতুন দফা আলোচনার সম্ভাবনা রয়েছে এবং কাতার এসব কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে। শুরু থেকেই কাতার একটি স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে, যা যুদ্ধবিরতিকে শক্তিশালী করবে এবং সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।


ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান। এরপর গত ছয় সপ্তাহের যুদ্ধে তেহরান নৌপথটি নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে অত্যাবশ্যকীয় অবকাঠামোতে আঘাত হানার সক্ষমতা ও ইচ্ছা উভয়ই প্রদর্শন করেছে, যা উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসভিত্তিক অর্থনীতিকে বিপন্ন করেছে।


এরপর চলতি সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় ‍দুই সপ্তাহের যুদ্ধবিরতি হলেও ইসলামাবাদ আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। যা গত সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইরানের আগে থেকেই পঙ্গু হয়ে থাকা অর্থনীতির ওপর চাপ বাড়ানো।


তবে এই নৌ অবরোধ তুলে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব। তাদের উদ্বেগ, এটা অব্যাহত থাকলে ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলতে পারে যার ফলে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অন্য নৌপথগুলোও ঝুঁকিতে পড়তে পারে।


এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছে ইরান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন, ‘যে সাময়িক অবকাশ (যুদ্ধবিরতির সময়) তৈরি হয়েছে, সেটিকে তারা (যুক্তরাষ্ট্র-ইসরাইল) যেন আবার অশান্তি সৃষ্টি ও পুনরায় অস্ত্রসজ্জার জন্য ব্যবহার না করে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com