চীনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:৩১
চীনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের জ্যেষ্ঠ কূটনীতিক সান ওয়েইডংকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে। বেইজিংয়ের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তাকে সরিয়ে দেয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ।


মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে সংক্ষিপ্ত এক ঘোষণায় এ তথ্য জানায়। এতে বলা হয়, স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদচ্যুত করা হয়েছে। তবে কেন বা কবে তাকে অপসারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, সান ওয়েইডংয়ের সর্বশেষ প্রকাশ্য কর্মসূচি ছিল গত ১৩ মার্চ। ওইদিন তিনি চীনে নিযুক্ত ব্রুনাই ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। এর দুই দিন আগে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গেও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সে বৈঠকের তথ্যও জানিয়েছিলেন।


চীনা সরকারে এ ধরনের পদচ্যুতি সাধারণত উচ্চপর্যায়ের শৃঙ্খলামূলক ব্যবস্থার ইঙ্গিত বহন করে এবং এরপরে প্রায়শই তদন্তের খবর আসে। সানের অপসারণ সংক্রান্ত ঘোষণায় জাতীয় রেলওয়ে প্রশাসনের উপপরিচালক আন লুশেংকেও পদ থেকে সরানোর কথা উল্লেখ করা হয়েছে।


২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট শি জিনপিং “টাইগারস অ্যান্ড ফ্লাইস” বা বাঘ ও মাছি নীতির আওতায় ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আসছেন। এর লক্ষ্য উচ্চপদস্থ (টাইগার) থেকে নিম্নপদস্থ (ফ্লাই)- সব স্তরের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা।


গত বছর চীনে এক মিলিয়নেরও বেশি দুর্নীতির মামলা তদন্ত করা হয়েছে এবং ৯ লাখ ৩৮ হাজার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন এবং ন্যাশনাল সুপারভাইজারি কমিশন।


সংস্থাটির বছরশেষের প্রতিবেদনে বলা হয়, শাস্তির আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে ৬৯ জন প্রাদেশিক বা মন্ত্রণালয় পর্যায়ের কর্মকর্তা, ৪ হাজার ১৫৫ জন ব্যুরো পর্যায়ের কর্মকর্তা, ৩৫ হাজার কাউন্টি পর্যায়ের কর্মকর্তা এবং ১ লাখ ২৫ হাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com