‘কৃষক কার্ড’ বিতরণ করতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫
‘কৃষক কার্ড’ বিতরণ করতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পহেলা বৈশাখে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন সরকারপ্রধান।


এর আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয়। ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলে যান তিনি।


সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করতে যান। সেখানে কৃষক সমাবেশে বক্তব্য দেবেন সরকারপ্রধান। এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করবেন তারেক রহমান।


প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী ১৫ জন কৃষককে নিজ হাতে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন ও গাছের চারা তুলে দেবেন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন গতকাল সোমবার জানান, নির্বাচনে জয়ের মাত্র দুই মাসের মাথায় প্রধানমন্ত্রী তার ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছেন। এ কর্মসূচির মূল লক্ষ্য কৃষকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করা।


তিনি বলেন, প্রথম পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হচ্ছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় ৩০ লাখ কৃষককে এ বিশেষ কার্ডের আওতায় আনা হবে।


কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কৃষক কার্ড বিতরণ তিন ধাপে বাস্তবায়িত হবে। এগুলো হলো প্রাক পাইলটিং (পরীক্ষামূলক), পাইলটিং ও দেশব্যাপী কার্যক্রম।


কার্ডে যেসব সুবিধা পাবেন কৃষকরা


ন্যায্যমূল্যে কৃষি উপকরণ। ন্যায্যমূল্যে সেচ সুবিধা। সহজ শর্তে কৃষিঋণ। স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি। সরকারি ভর্তুকি ও প্রণোদনা। মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য। কৃষি বিষয়ক প্রশিক্ষণ। ফসলের রোগবালাই দমনের পরামর্শ। কৃষি বিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com