স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৬:৩১
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা।


সোমবার (১৩ এপিল) সাক্ষাতে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে গভীর ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে, তা আজও অটুট রয়েছে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করে, যা দুই দেশের সম্পর্ককে এক বিশেষ উচ্চতায় নিয়ে যায়।


তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বিশ্বমঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশটির সহযোগিতা ইতিবাচক বার্তা বহন করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নে ভারতের সমর্থনকে তিনি উদার ও সহযোগিতাপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।


সংসদের কার্যক্রম প্রসঙ্গে স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং বিরোধী দল সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করছে। তিনি সংসদীয় সম্পর্ক জোরদারে উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিপাক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।


সাক্ষাৎকালে হাইকমিশনার স্পিকারকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।


এ সময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com