আগামী ৩ মাসের জ্বালানি আমদানির ব্যবস্থা হচ্ছে: প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৪:২৭
আগামী ৩ মাসের জ্বালানি আমদানির ব্যবস্থা হচ্ছে: প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী তিন মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে।’


প্রায় তিনমাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘তিনমাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।’ জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পেয়েছেন বলেও জানান অমিত। তিনি বলেন, ‘আগামী তিনমাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে।’


রাশিয়ার তেল আমদানির বিষয়ে স্যাংশন ওয়েভার দেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছে। সরকার আশাবাদী ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে বাংলাদেশকে তেল আমদানির সুযোগ দিবে।’


দেশের বিভিন্ন স্থন থেকে এখন পর্যন্ত চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘তিন মাসের চাহিদা মেটানোর জন্য জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টা নয়, শপিং মল বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’


কৃষকদের তেল পেতে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ভাবে তা সমাধানে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। কৃষকদের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com