
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়েছে।
এর আগে শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জানান ‘আসন্ন বাংলা নববর্ষে আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে কোনও কর্মসূচি হবে না। এবার থেকে নতুন নাম বৈশাখী শোভাযাত্রা নামে পালিত হবে এবং ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে। আমরা এবার বৈশাখী শোভাযাত্রা করবো। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা—সবকিছু এখন থেকে ‘বৈশাখী’ নামেই পরিচিত হবে।
ইউনেস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউনেস্কো আগে তো করেনি। ইউনেস্কো করলেই যে আমাদের সেটি করতে হবে, এমন কোনও কথা নেই। মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনও পার্থক্য নেই। আগামীতে বৈশাখী শোভাযাত্রা নামেই এই শোভাযাত্রা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা পহেলা বৈশাখের শোভাযাত্রা বাংলাদেশি তথা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এটি কোনও দলের নয়, সবার। ফলে এটা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা কোনোটাই হবে না, এবার থেকে হবে বৈশাখী শোভাযাত্রা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]