
জ্বালানি সংকট দেশের অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে-এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে প্রধামন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে সাংবাদিকদের অর্থমন্ত্রী আরও বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন তারা।
ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন- এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে আসতে পারেন তার ব্যবস্থা নেয়া।
তিনি আরও বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।
অর্থমন্ত্রী বলেন, মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন তারা।
ব্যবসায়ীদের কি কি সংকট আছে সেসব বিষয় জানতে চেয়েছেন প্রধাানমন্ত্রী- এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসায়ীদের নানা সংকটের কথা বিগত দিনে আমরা শুনে এসেছি, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনতে চেয়েছিলেন। তাদের কথাগুলোর একটা নোট নেয়া হয়েছে। অনেক সমস্যার সমাধান হয়েছে, অনৈক পেন্ডিং আছে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
দেশের বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্পখাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন এক সংলাপের সূচনা হিসেবে দেখা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ উদ্যোক্তারাও এতে অংশ নেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]