
মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন অংশেও এই কম্পন অনুভূত হয়। এমনকি ভারত নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চলেও কম্পনটি অনুভূত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে এ ভূমিকম্প আঘাত হানে।
আফগানিস্তানের বাখতার নিউজ এজেন্সির বরাতে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে মধ্য কাবুল প্রদেশের বাগরামি জেলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। পাশাপাশি একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি আঘাত হানার আগে আরও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্যমতে, ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার (১১২ মাইল) গভীরে কম্পনটি সংঘটিত হয়।
এদিকে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দেশটির আবহাওয়া দপ্তর ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ২। দেশটিতে স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। রাজধানী ইসলামাবাদ ছাড়াও উত্তর-পশ্চিমের প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পটি অনুভূত হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন অংশেও কম্পন অনুভূত হয়েছে। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে পাঞ্জাবের নয়ডা, চণ্ডীগড়, লুধিয়ানা এবং জম্মু ও কাশ্মিরের পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেরাদুনসহ একাধিক শহরে কম্পনের খবর পাওয়া গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]