
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। শিরোপাজয়ী এই অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
সেখানে স্নায়ুচাপ সামলে বাজিমাত করে বাংলাদেশের যুবারা। এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশ।
ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালদ্বীপের মাটিতে ভারতের বিপক্ষে আমাদের তরুণ ফুটবলারদের এই বীরত্বপূর্ণ জয় পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের যুবারা প্রমাণ করেছে, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও দলবদ্ধ প্রচেষ্টা থাকলে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকেই মোকাবিলা করা সম্ভব।
প্রধানমন্ত্রী দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ অসামান্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান।
আগামী দিনেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা বিশ্বমঞ্চে দেশের মুখ আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]