
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘নির্বাচনে অর্থ, পেশিশক্তি, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার প্রভাব দেখা গেছে। ভোটের হার বাংলাদেশের প্রেক্ষাপটে সন্তোষজনক নয়।’
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের ঘোষিত নির্বাচন বিরোধী তৎপরতায় ভোটারদের মধ্যে উদ্বেগ বিরাজ করেছে। নির্বাচনে সকল দলের মধ্যে সমান অধিকার, নিরপেক্ষতা নিশ্চিত হয়নি। তবে কমিশন নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে।’
যদিও সার্বিকভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্টে আরও বলা হয়, ‘এবারের নির্বাচনে ৯৯ শতাংশ প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। আনুষ্ঠানিক ভাবে নেতিবাচক হলেও অনানুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনে অংশ নিয়েছে। সরকারি ও বেসরকারি প্রচারমাধ্যমে বিএনপিকে বেশি কাভারেজ দেওয়া হয়েছে।’
রিপোর্টে বলা হয়, প্রার্থীরা গড়ে ব্যয় করেছেন ১ কোটি ১৯ লাখ টাকা। ব্যয়সীমা থেকে ৭৪ লাখ টাকা বেশি। সব থেকে বেশি ব্যয় করেছে বিএনপি। ব্যয়সীমা থেকে ৩২৭.৫ শতাংশ বেশি।
প্রার্থীদের হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণে বলা হয়ছে, ২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি। যাদের মধ্যে বিএনপির সর্বোচ্চ ১৮৯ জন। সবচেয়ে ধনী আবদুল আউয়াল মিন্টু- ৬০৭ কোটি টাকা।
সেই সঙ্গে সংসদ সদস্যের অর্ধেকেই ঋণগ্রস্ত বলে জানানো হয়েছে। এদের মধ্যে বিএনপির সর্বোচ্চ ঋণগ্রস্ত ৬২ শতাংশ এবং জামায়াতের ১৬ শতাংশ বলা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]