
চট্টগ্রামের বাঁশখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াটের এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎকেন্দ্রটির ৭০ শতাংশ মালিকানা এস আলম গ্রুপের।
রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক কেন্দ্রটির অনুকূলে ১০০ শতাংশ নগদ মার্জিন রেখে এলসি খুলতে পারবে। এই সুবিধা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ বিষয়ে পৃথক দুটি নির্দেশনা জারি করা হয়। পরে তা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসএস পাওয়ার-১-এর অনুকূলে দেওয়া এই ধরনের ঋণ সুবিধার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায় থাকবে না। ভবিষ্যতে এই সুবিধার কারণে রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা বা পুনঃঅর্থায়ন দাবি করতে পারবে না।
ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ করে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে এস আলম গ্রুপের নেওয়া ঋণের পরিমাণ অন্তত ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। এর বড় একটি অংশ এখন খেলাপি।
সাধারণ নিয়মে কোনো খেলাপি প্রতিষ্ঠানের অনুকূলে এলসিসহ কোনো ধরনের ঋণ সুবিধা দেওয়ার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে এসএস পাওয়ার-১-এর জন্য বিশেষ অনুমতি দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
বাঁশখালীর গণ্ডামারায় অবস্থিত এসএস পাওয়ার-১ দেশের বেসরকারি খাতের অন্যতম বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৮ হাজার কোটি টাকার বেশি।
কেন্দ্রটির ৭০ শতাংশ মালিকানা এস আলম গ্রুপের। বাকি ৩০ শতাংশের মালিক চীনের সেপকো থ্রি ও এইচটিজি। কেন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে।
২০২২ সালের ২৪ মে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। একই বছরের ২৮ জুন দ্বিতীয় ইউনিট থেকেও পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়। পরে ২০২৩ সালের ১৪ জানুয়ারি কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়।
দুই ইউনিট মিলিয়ে এসএস পাওয়ার-১-এর মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]