১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে থামবে তিতুমীর-সাগরদাঁড়ি এক্সপ্রেস
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯
১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে থামবে তিতুমীর-সাগরদাঁড়ি এক্সপ্রেস
রাবি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেলস্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রাবিরতি দেবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। এ ছাড়া গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে আলোচনা চলছে। ততদিন শিক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তার জন্য রাতে চলাচলকারী ট্রেনগুলোর সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।


সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আম্মার বলেন, অনুমোদন পাওয়ার পর থেকেই শিক্ষার্থীরা মনে করছেন ট্রেনগুলো রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে। কিন্তু বিষয়টি এমন নয়। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে স্টেশনটি অকার্যকর অবস্থায় রয়েছে। এটি সংস্কার ও পুনরায় চালু করতে কিছুটা সময় প্রয়োজন। সে সময়টুকু আপনারা শিক্ষার্থীসুলভ আচরণ করবেন।


তিনি বলেন, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে। গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির বিষয়েও আমরা আলোচনা করছি। ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাত্রিকালীন ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করা হবে।


শিক্ষার্থীদের উদ্দেশে রাকসু জিএস বলেন, আপনারা দয়া করে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না। সবসময় শিক্ষার্থীসুলভ আচরণ করবেন।


উল্লেখ্য, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়টির রেলস্টেশনে দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com