
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর নির্বাহী ক্ষমতায় ছয় অনুষদে অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ বাতিল করেছে বর্তমান নতুন প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অনুষদগুলোর ডিনের দায়িত্বে থাকবেন উপাচার্য স্বয়ং।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এরই মধ্যে পৃথক আরেকটি অফিস আদেশে আইন অনুষদের ডিনের দায়িত্ব উপাচার্য একাউন্টিংয়ের অধ্যাপক ড. বেলাল উদ্দিনের উপর অর্পণ করেছেন।
উল্লিখিত অফিস আদেশে বলা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না আসা পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগসংক্রান্ত অফিস আদেশ দুটি রহিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।
জানা যায়, গত ১১ই মে একটি অফিস আদেশের মাধ্যমে, পূর্বের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন ডিন নিয়োগ নিয়ে আইনগত জটিলতা তৈরি হওয়ায় এ বিষয়ে আইনি মতামত না আসা পর্যন্ত ছয়জন শিক্ষককে ছয়টি অনুষদের দায়িত্ব দেওয়া হয়। তবে এর মধ্যে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদা কামাল এই নিয়োগকে বিধিবহির্ভূত এবং নিয়ম ব্যত্যয়কারী দাবি করে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়।
এরই মধ্যে গত ১৪ই মে অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। ফলে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যেই পূর্ববর্তী প্রশাসনের ডিন নিয়োগের অফিস আদেশ স্থগিত করে শরীফুল করীমের নতুন প্রশাসন।
এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করিম চৌধুরী বলেন, 'উপাচার্য স্যার ক্রাইসিস মোমেন্টে আইন অনুযায়ী যেকোন সময় অনুষদগুলোর ডিনের দায়িত্ব নিতে পারেন। এর আগেও এমন হয়েছে যে উপাচার্যরা বিভিন্ন অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন। তবে এই দায়িত্ব তিনি বেশিদিন রাখবে না, অলরেডি আইন অনুষদে ডিন নিয়োগ করা হয়েছে। উপাচার্য স্যার সবকিছু বিবেচনা করে অনুষদগুলোর ডিন আবার নিয়োগ করবেন।'
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]