
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হল সংসদের উদ্যোগে ‘শ্রমিক সম্মাননা ও ক্রীড়া আয়োজন’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৮টা ৩০ মিনিটে হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক আসিফ হাসানের তত্ত্বাবধানে হল প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন হলের সকল কর্মচারী, পাশাপাশি হলের অধীনস্থ বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীরা।
শেরে বাংলা এ কে ফজলুল হক হল সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হলের স্টাফ এবং বটতলার দোকান মালিক ও কর্মচারীদের সম্মানে আমরা এই আয়োজন করেছি। সারাবছর তারা আমাদের দেখভাল করেন এবং বিভিন্নভাবে সেবা দিয়ে থাকেন। তাই তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ। এতে অংশগ্রহণকারীরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে শ্রমজীবী মানুষের সঙ্গে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় হবে। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ছাত্রসমাজ সবসময় পাশে থাকবে।
হল সংসদের ভিপি আসিফ মিয়া বলেন, মহান মে দিবস উপলক্ষে হলের কর্মচারী এবং বটতলার দোকানের কর্মীদের সম্মান জানাতে এই ক্রীড়া উৎসব ও শ্রমিক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রমজীবী মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, একটি হলের সার্বিক পরিবেশ সুন্দর ও কার্যকর রাখতে কর্মচারীদের অবদান অপরিসীম। তাদের নিরলস পরিশ্রমের ফলেই আমাদের দৈনন্দিন জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়। তাই এই বিশেষ দিনে তাদের আনন্দ ও প্রাপ্য সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আজকের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
বিবার্তা/স্বাতী/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]