
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বর্ষবরণ উৎসব ১৪৩৩’।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি প্রাঙ্গণে) দিনব্যাপী আয়োজনে লোকজ ঐতিহ্য ও আধুনিক সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বর্ণিল আয়োজন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের প্রেস সম্পাদক পিনাকী ভট্টাচার্য্য।
লিখিত বক্তব্যে তিনি বলেন- বর্ষবরণ উৎসবকে ঘিরে থাকবে লোকজ মেলা, ঐতিহ্যবাহী বৈশাখী আয়োজন, ফানুস উৎসব এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। গ্রামীণ আবহে সাজানো মেলায় থাকবে বৈশাখী পোশাক, অলংকার, হস্তশিল্প ও দেশীয় খাবারের নানা স্টল। পাশাপাশি নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ ও পুঁথিপাঠের মতো বাঙালির চিরায়ত সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নগরজীবনে ফিরিয়ে আনবে গ্রামবাংলার চেনা আবহ।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মুখ্য আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
এ ছাড়া অনুষ্ঠানে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী শর্মিলা ব্যানার্জি ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ। বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।
আলোচনা পর্ব শেষে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সদস্যরা পরিবেশন করবেন বৈচিত্র্যময় অনুষ্ঠান। পরে মঞ্চে উঠবে ব্যান্ড ‘বন্দিশ’। সবশেষে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর কনসার্টে শেষ হবে উৎসবের আয়োজন।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিকুর রহমান ত্বহা বলেন, ‘আমরা একটু ভিন্নভাবে বর্ষবরণ উৎসবকে উপস্থাপন করতে চাই। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি যথাযথ উপস্থাপন নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাক। এ আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নববর্ষের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ, প্রেস এক্সিকিউটিভ প্রেরণা মোহন্ত ও তৃষিতা রায় পর্ণা।
বর্ষবরণ উৎসব ১৪৩৩ এ মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ‘বিবার্তা২৪ ডট নেট’ পত্রিকাসহ বেশ কয়েকটি গণমাধ্যম।
বিবার্তা/নুর আলম /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]