
ড. মুহাম্মদ ইউনুস শাসনের নিযুক্ত উপাচার্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে বহিষ্কার করায় বিবৃতি জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনের দপ্তর সম্পাদক ডক্টর মাহবুব আলম প্রদীপ প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ড. মুহাম্মদ ইউনুস শাসনের নিযুক্ত উপাচার্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর প্রফেসর ড. পূর্বাইসলাম, ফার্মাকোলজি বিভাগ, প্রফেসর ড. আফরিনা মুস্তারি, ফিজিওলজি বিভাগ, প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম, পরিবেশবিজ্ঞান বিভাগ, প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, একোয়াকালচার বিভাগ, প্রফেসর ড. উজ্জল কুমার নাথ, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস, পোল্ট্রিসায়েন্স বিভাগের ৬জন সম্মানিত শিক্ষককে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসারবশবর্তী হয়ে, আইন ও বিধিবিধান অমান্য করে এবং স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় আজ (২৪ মার্চ) স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
এই ঘটনা দেশের উচ্চশিক্ষা অঙ্গনে এক গভীর অন্ধকার অধ্যায়ের সূচনা করেছে।
এই পদক্ষেপ শুধু মাত্র শিক্ষকদের মর্যাদার ওপর আঘাতনয়—এটি সমগ্র দেশের শিক্ষক সমাজের অস্তিত্ব, চিন্তার স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর এক নগ্ন আগ্রাসন।
এমন সিদ্ধান্ত শিক্ষাঙ্গণের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
ড. মুহাম্মদ ইউনুসের গত ১৮ মাসের শাসনামলে শিক্ষক সমাজের ওপর মব সন্ত্রাসের মাধ্যমে ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন পরিচালিত হয়েছে। তার নিযুক্ত প্রশাসনের সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এ উচ্চআদালত অবমাননা করে মামলা চলাকালীন বিনাকারণে বেআইনিভাবে ৫৯জন শিক্ষককে বরখাস্ত, পদ অবনমনসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে।
আজকের এই বহিষ্কার সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।
আমরা প্রত্যাশা করেছিলাম যে, ড. মুহাম্মদ ইউনুসের দুঃশাসনের ফলে বিপর্যস্ত শিক্ষাঙ্গণ নতুন সরকারের কার্যকর উদ্যোগে পুনরুদ্ধার হবে এবং শিক্ষার স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।
শিক্ষাঙ্গণের শৃঙ্খলা ফেরাতে সাময়িকভাবে বহিষ্কৃত শত শত শিক্ষক, হাজার হাজার শিক্ষার্থী বহিষ্কার, কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার, মিথ্যা মামলায় গ্রেফতারকৃত শিক্ষক এবং শিক্ষকদের নামে মিথ্যা মামলাসহ হাজার হাজার শিক্ষকদের ওপর অ্যাকাডেমিক শাস্তি প্রত্যাহার করা হবে—এটিই বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের প্রত্যাশা।
বর্তমান প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনুসের শাসনামলে শিক্ষাঙ্গণে হওয়া নির্মম বিভীষিকাময় অধ্যায়ের সমাপ্তির লক্ষ্যে আমরা সরকারের কাছে জোরালোভাবে নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করছি—
১. সকল অন্যায়ওরাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে ।
২. শিক্ষাঙ্গণে নিরাপদ, স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩. ড. মুহাম্মদ ইউনুসের অপকর্ম বাস্তবায়নে জড়িত সংশ্লিষ্ট উপাচার্যদের অবিলম্বে অপসারণ করতে হবে।
৪. শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেগৃহীত সকল অন্যায় ও দমনমূলক পদক্ষেপ বাতিল করতে হবে।
আমরা আশা করি, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, ন্যায়বিচার এবং একাডেমিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]