এমপিও শিক্ষকদের বদলি নিয়ে সুখবর
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৯:২৪
এমপিও শিক্ষকদের বদলি নিয়ে সুখবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনী নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। কাল সোমবার (১৬ মার্চ) এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বদলি সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।


রবিবার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সোমবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভায় উপস্থিত থাকবেন।


শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বদলি সফটওয়্যার নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক কাজ করেছে। তারা এরই মধ্যে ট্রায়াল দিয়েছে। সেই ট্রায়ালে সফটওয়্যারের কার্যক্রম সন্তোষজনক পেয়েছে। আগামীকাল সেটি দেখা হবে। সফটওয়্যার ঠিক থাকলে কালই চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।


জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। এনটিআরসিএ’র প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।


পরে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি।
বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com