
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত “বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬ (ঢাকা–টুঙ্গিপাড়া)” কর্মসূচি চলাকালে আজ সকাল ৭টায় ঢাকার জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক প্রফেসর ড. আ. ক. ম. জামাল উদ্দিনকে পুলিশ কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের দপ্তর সম্পাদক ডক্টর মাহবুব আলম প্ৰদীপ প্রেরিতি এক বিবৃতিতে জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, শান্তি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আয়োজিত একটি শান্তিপূর্ণ কর্মসূচির শুরুতেই একজন সম্মানিত শিক্ষককে আটক করা গণতান্ত্রিক চর্চা ও নাগরিক অধিকারের পরিপন্থি। আমরা অবিলম্বে প্রফেসর ড. আ. ক. ম. জামাল উদ্দিনের নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা দাবি করছি।
ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার পথে ঐক্যবদ্ধ করেছিল এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনের ভিত্তি স্থাপন করেছিল। ইউনেস্কো ২০১৭ সালে এই ভাষণকে Memory of the World International Register-এ অন্তর্ভুক্ত করে বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এই ঐতিহাসিক দিবস পালনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাস, গ্রেফতার ও সহিংসতার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সরকার ইতঃপূর্বে মব সন্ত্রাস বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে।
আমরা ৭ই মার্চ পালন করতে গিয়ে গ্রেফতারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন, রাহীদ খান পাভেলের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।
রাষ্ট্রীয় শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে কোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তা কখনোই ইতিহাস বিকৃতি বা সহিংসতার মাধ্যমে প্রকাশ পাওয়া উচিত নয়।
আমরা সরকারের কাছে জোর দাবি জানাই—মব সন্ত্রাসীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আইনের শাসন নিশ্চিত করা হোক। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি সহনশীল, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য সকল রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]