এক টেবিলে রাজনীতির চার ভিন্ন মেরু : জাবি প্রেসক্লাবের ইফতারে নজরকাড়া সম্প্রীতি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১:২৮
এক টেবিলে রাজনীতির চার ভিন্ন মেরু : জাবি প্রেসক্লাবের ইফতারে নজরকাড়া সম্প্রীতি
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, ভিন্ন সংগঠন—তবু পবিত্র রমজানের সৌন্দর্যে ইফতারের টেবিলে মিললো চার ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ইউনিয়নের নেতাদের একই টেবিলে পাশাপাশি বসে ইফতার করার এ দৃশ্য ক্যাম্পাসে সম্প্রীতি ও সহাবস্থানের এক ব্যতিক্রমী বার্তা দিয়েছে।


মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় জাবি প্রেসক্লাবের পক্ষ থেকে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


ইফতার মাহফিলের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল—ভিন্ন রাজনৈতিক ধারার চার সংগঠনের নেতাদের একই টেবিলে বসে ইফতারে অংশ নেওয়া। সেখানে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, জাবি ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি ইমন মিয়া ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক এবং জাবি ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। মতের বিভাজনের চিরাচরিত প্রাচীর ভেঙে এক টেবিলে বসে ইফতার করা এই দৃশ্য বিরল, যা ক্যাম্পাসে এখন প্রশংসনীয় হয়ে উঠেছে।


ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর উপস্থিত সম্মানিত শিক্ষকমণ্ডলী, সাংবাদিক ভাই-বোন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, চব্বিশের পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে যখন ছাত্রদল প্রবেশ করেছে, তখন থেকেই আমরা পরিবর্তনের ধারার রাজনীতি চর্চা করছি। অতীতে দেখা গেছে সরকার গঠনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও নিপীড়ন করা হতো। আমরা সেই ধারা পরিবর্তন করে সম্প্রীতি ও সৌহার্দ্যের ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। সাংবাদিকরা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দেবেন এবং ভালো কাজের প্রশংসা করবেন—এটাই আমাদের প্রত্যাশা।


জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। রমজান এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হই, সম্মিলিতভাবে ইফতার করি এবং সুখ-দুঃখ ভাগাভাগি করি। রমজানের শিক্ষা আমাদের ভেদাভেদ ভুলে একত্রিত হতে শেখায়। আমরা আশা করি একটি সম্প্রীতির বাংলাদেশ এবং শিক্ষার্থী-বান্ধব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে পারবো।


অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা।


ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করে পবিত্র দোয়া অনুষ্ঠিত হয়। এরপর অতিথিরা একসাথে বসে ইফতারে অংশ নেন এবং মিলিতভাবে রমজানের মাহাত্ম্য উদযাপন করেন।


বিবার্তা/সামিয়া/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com