শাহজালালে ২৮ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১০:১৭
শাহজালালে ২৮ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।


রবিবার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দরের বি ও সি-শিফটের পৃথক অভিযানে ওই পণ্য জব্দ করা হয়।


কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফট দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়।


একই ফ্লাইটের সহযাত্রী শারমিন আক্তারের ব্যাগেজ তল্লাশি করে আরও ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে বি-শিফটের অভিযানে ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।


অন্যদিকে, সি-শিফট দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে অভিযান চালায়। রাত আনুমানিক সোয়া ২টায় ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মহাথে হাসান বাবুর ব্যাগেজ তল্লাশি করে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়।


একই ফ্লাইটের যাত্রী সোহদুল হাসান শাকিলের ব্যাগেজ থেকে জব্দ করা হয় ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা।


এ ছাড়া কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়।


সিআইআইডি জানাঢ, সি-শিফটের এসব অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।


দুই শিফটের পৃথক অভিযানে সব মিলিয়ে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। যাত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com