
চাঁপাইনবাবগঞ্জে জনগণের কাছে অধিক লাভ দেয়ার নামে ১০৫ কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার অন্যতম মালিক ও ১৩০টি ওয়ারেন্ট থাকা আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানী ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত মোসা. নিশাত দিলরুবা জাহান (৩৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী। এছাড়াও তিনি ১০৫ কোটি টাকা আত্মসাতকারী ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানার ভাইয়ের স্ত্রী। গ্রেফতারকৃত নিশাত দিলরুবা জাহানের স্বামী সানোয়ার হোসেনও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে দুপুর ২টার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র্যাবকে জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন দিলরুবা জাহান। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
জানা যায়, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ও গ্রেফতারকৃত নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে তিন শতাধিক প্রতারণার মামলা।রয়েছে। ২০২২ সালে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা টাকা আত্মসাতের পর তা ফেরতের দাবিতে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার বিরুদ্ধে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ আদালতে ৪ শতাধিক মামলা করেছেন গ্রাহকরা। এসব মামলায় বাদী গ্রাহকদের মোট আর্থিক দাবি প্রায় ৩২ কোটি টাকা। তবে চার শতাধিক গ্রাহক মামলা করলেও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার সর্বমোট গ্রাহক প্রায় ৩৫ হাজার। তাদের পাওনা প্রায় ১০৫ কোটি টাকা। গ্রাহকদের এসব মামলায় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ও তার স্ত্রীসহ তার পরিবারের ১২-১৩ জন সদস্য ও কর্মকর্তারা কারাগারে রয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]