রাসায়নিক কারখানার আড়ালে ইয়াবা তৈরি, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৯:২৪
রাসায়নিক কারখানার আড়ালে ইয়াবা তৈরি, র‌্যাবের অভিযানে গ্রেফতার ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকার কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে পরিচালিত আরেকটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২।


অভিযানে ১৯ হাজার পিস প্রস্তুত ইয়াবা, ইয়াবা তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক নাসির হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


সোমবার (৩ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি সড়ক এলাকায় মদিনা কমপ্লেক্সে অভিযানে উদ্ধার হওয়া কারখানার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নাজমুল হাসান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক মাদক কারবারিকে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের মদিনানগর এলাকার মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ‘নাছির কেমিক্যাল ইন্ড্রাজট্রিজ লি’ নামের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে ইয়াবা তৈরির যন্ত্রপাতি, বিপুল পরিমাণ কাঁচামাল ও ১৯ হাজার পিস প্রস্তুত ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে কারখানার মালিক নাসির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


র‍্যাব-২-এর অধিনায়ক আরও বলেন, নাসির হোসেন রাসায়নিক কারখানার আড়ালে প্রায় ১০ বছর ধরে ইয়াবা উৎপাদন করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইয়াবা তৈরিতে দক্ষ কারিগর ও কেমিস্ট হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তিনি কারখানাটি কিনে সেখানে গোপনে ইয়াবা উৎপাদন করতেন ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।


তিনি আরও বলেন, এ ঘটনায় উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, এর মাত্র চার দিন আগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় র‍্যাব-১০। ওই অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com