
কক্সবাজার থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকায় যাওয়ার পথে এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় উখিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পুলিশ সদস্য মো. সজিব বেপারী (২৩) ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্না এলাকার বাসিন্দা। ২০২৩ সালের নভেম্বর থেকে কক্সবাজারের উখিয়ায় এপিবিএন-এ কর্মরত ছিলেন। ছুটির দিনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে বের হন তিনি।
বিজিবি সূত্রে জানা যায়, সজিব বেপারী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে উখিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে মরিচ্যা চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় তার বহন করা ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব জানিয়েছেন, তিনি এসব ইয়াবা উখিয়ার বালুখালী আশ্রয়শিবির এলাকা থেকে সংগ্রহ করেছেন। পরে উদ্ধার হওয়া ইয়াবাসহ তাকে রামু থানায় হস্তান্তর করা হয়।
রামু-৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিলে সজিবকে দুই লাখ টাকা দেওয়ার চুক্তি ছিল। অর্থের লোভে তিনি এই কাজে জড়িত হয়েছেন বলে স্বীকার করেছেন। ইয়াবার প্রকৃত মালিকদের শনাক্তে তদন্ত চলছে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সজিব বেপারীকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
উখিয়া-৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “সজিব বেপারী ছুটিতে ছিলেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়ালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।”
বিবার্তা/ফরহাদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]