সারাদেশ
ভরাবাজারে ভিক্ষুককে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২০:২১
ভরাবাজারে ভিক্ষুককে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারে সুখিয়া বেগম (৪২) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী শরিফ মিয়ার বিরুদ্ধে। নিহত নারী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি বাজার করতে গিয়ে প্রাণ হারান।


সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হত্যার পর পালিয়ে যান অভিযুক্ত শরিফ মিয়া (৩৫)।


সুখিয়া বেগমের বাড়ি পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকায়। প্রায় ৯ বছর আগে একই গ্রামের শরিফ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের সুমাইয়া আক্তার নামে আট বছরের একটি মেয়ে রয়েছে।


স্থানীয়দের অভিযোগ, শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে আলাদা হয়ে যান তারা। এরপর থেকেই মেয়েকে নিজের কাছে রাখতে চাইছিলেন শরিফ। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়েই ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া।


নিহতের স্বজনদের অভিযোগ, মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি ছিলেন না সুখিয়া। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। মেয়েকে নিজের কাছে না পাওয়ার ক্ষোভ থেকেই শরিফ তাকে হত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সুখিয়া বাজারে শাকসবজি কিনছিলেন। এ সময় হঠাৎ এসে তাকে ছুরিকাঘাত করেন শরিফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com