বোয়ালমারীতে স্বামীর ডিভোর্সের হুমকি, গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৫
বোয়ালমারীতে স্বামীর ডিভোর্সের হুমকি, গৃহবধূর আত্মহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনালাপের পর এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্বামীর ডিভোর্স দেওয়ার হুমকির পর অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। টিকটকে পরিচয়ের পর তিন মাস আগে বিয়ে হয়েছিলো তাদের। শ্বশুরবাড়ির আপত্তিতে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন আত্মহত্যাকারী ওই গৃহবধূ।


সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার উমরনগর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ফাহিমা আক্তারের (১৯) মরদেহ তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের ইলিয়াস মোল্যার মেয়ে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমার প্রথম বিয়ে হয়েছিল গ্রামে। পরে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে চট্টগ্রামের আরিয়ান রহমান মুজিব নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় ফাহিমার। সেই পরিচয়ের সূত্র ধরে প্রায় তিন মাস আগে তার বিয়ে হয়।


তবে ছেলের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় ফাহিমাকে বাবার বাড়িতে রেখে যান তার স্বামী। পরিবারের সদস্যদের বুঝিয়ে পরে তাকে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও স্বামী তাকে নিতে না আসায় তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।


পরিবারের দাবি, ঘটনার দিন স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনালাপের একপর্যায়ে তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই ফাহিমা আত্মহত্যা করেন।


জানা যায়, ফাহিমার মা শাবানা বেগম ঘটনার দিন দুপুর দেড়টার দিকে চিকিৎসার জন্য ফরিদপুরে যান। এ সময় বাড়িতে একাই ছিলেন ফাহিমা। স্বামীর সাথে ফোনালাপের পর আত্মহননের পথ বেছে নেন তিনি।


বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব মিয়া জানান, ফাহিমার ব্যবহৃত মুঠোফোনের তথ্য পর্যালোচনা করে সর্বশেষ তার স্বামীর সঙ্গে ফোনালাপের বিষয়টি জানা গেছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যার মধ্যে ঘরের দরজা-জানালা বন্ধ করে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীরা দরজা-জানালা বন্ধ দেখে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com