
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে ঢাকায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনতা।
রবিবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের হোসেন কলিং।
আটকের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাদের সন্দেহজনক চলাফেরা দেখে বিএনপির নেতাকর্মীরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তারা নিজেদের ঢাকা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের অনুসারী হিসেবে পরিচয় দেন। তবে তাদের কথাবার্তায় সন্দেহ হলে মোবাইল ফোন পরীক্ষা করে ওই নেতার সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাননি বলে দাবি করেন জিজ্ঞাসাবাদকারীরা। একপর্যায়ে আটক ব্যক্তিরা নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় নাশকতামূলক হামলার উদ্দেশ্যে সংগঠিত হয়ে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিজেদের পরিচয় আড়াল করতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নাম ব্যবহার করার চেষ্টা করেছিলেন বলেও ভিডিওতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রান্ত সিদ্দিক ঢাকার জিগাতলা এলাকায় এবং জুবায়ের হোসেন ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করেন। অপর নেতা আল আমিন অন্তরও ঢাকায় অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ মূহুর্তে বোয়ালমারী পৌরসদরে শতাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেলে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছিলেন এই তিন নেতা। ওই ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন বলে দাবি স্থানীয়দের। তাদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয় সূত্র জানা গেছে ।
তবে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বা কোন থানায় সোপর্দ করা হয়েছে তা জানা যায়নি।
বিবার্তা/মিলু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]