
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার ফল জালিয়াতি যেন থামছেই না। কখনো ১০ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানো, কখনো একাধিক বিষয়ে ফেল করেও জিপিএ-৫ পাওয়ার অভিযোগ উঠেছে। একের পর এক মামলা ও তদন্ত কমিটির পরও বন্ধ হচ্ছে না অনিয়ম। প্রশ্ন উঠেছে, বোর্ডের ভেতরে থাকা প্রকৃত অপরাধীরা কি বারবারই আড়ালে থেকে যাচ্ছেন?
সর্বশেষ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, ১০ বিষয়ে অকৃতকার্য ওই শিক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর বাড়িয়ে ফল পরিবর্তন করা হয়েছে। তবে ফলাফল প্রস্তুতের কারিগরি দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি না করায় প্রশ্ন উঠেছে তাঁদের ভূমিকা নিয়ে।
এর আগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলার তদন্ত ও পুলিশের অভিযোগপত্র নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তিন দফা তদন্তের পরও ১২টি উত্তরপত্রের পুনর্নিরীক্ষণের আবেদনকারীকে শনাক্ত করা যায়নি। ফলাফল পরিবর্তনের কারিগরি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও পুরো চিত্র স্পষ্ট হয়নি।
এমন পরিস্থিতিতে নতুন মামলাগুলোর তদন্ত অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আদেশ পাওয়া যায়নি। পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তাও বলেছেন, এ ধরনের কোনো কাগজ তিনি পাননি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিআইডির মতো বিশেষায়িত সংস্থার তদন্তে ডিজিটাল আলামত বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।
১০ বিষয়ে ফেল, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে পাস
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে নগরের পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। মামলার নম্বর ২৬/২৩৪। এজাহার অনুযায়ী, পুনর্নিরীক্ষণের সময় এক শিক্ষার্থীর পদার্থবিজ্ঞান বিষয়ের উত্তরপত্রের নম্বরের সঙ্গে বোর্ডের কম্পিউটার সেল থেকে পাওয়া প্রিন্ট আউটের নম্বরের ব্যাপক পার্থক্য ধরা পড়ে। পরে যাচাইয়ে নম্বরের গরমিলের সত্যতা পাওয়া যায়।
বোর্ড চেয়ারম্যানের নির্দেশে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি দুজন আইসিটি বিশেষজ্ঞের সহযোগিতায় মূল উত্তরপত্র, পরীক্ষকদের নম্বর ফর্দ, প্রকাশিত ফলাফল এবং এমসিকিউ ওএমআরসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে। গত ৯ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়।
এজাহারে বলা হয়েছে, শিক্ষার্থীর ১১টি বিষয়ের সৃজনশীল অংশের নম্বর বাড়ানো হয়েছে। বাংলার প্রথম পত্রে ২৩ থেকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪ থেকে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩ থেকে ৮৩, দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২, গণিতে ৯ থেকে ৬৬, ইসলাম শিক্ষায় ৭ থেকে ৬৪, উচ্চতর গণিতে শূন্য থেকে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্য থেকে ৪৫, রসায়নে ১ থেকে ৪৬, জীববিজ্ঞানে ১ থেকে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ থেকে ৬৫ নম্বর করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীর ইন্ধনে কম্পিউটার সেলের তিন কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় নম্বর পরিবর্তনের অভিযোগ আনা হয়। মামলার আসামিরা হলেন স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মো. রাশেদুল ইসলাম এবং কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান। ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকেও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা সহযোগীদেরও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মূল দায়িত্বে যাঁরা, তাঁরা আসামি নন কেন?
অন্য একটি শিক্ষা বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, ফলাফল প্রস্তুতের কারিগরি দায়িত্বে থাকা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের আসামি করা হয়নি কেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার মূল ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকেন। অথচ যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী। মূল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাদ দিয়ে শুধু দৈনিক কর্মচারীদের আসামি করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’
ওই কর্মকর্তার ভাষ্য, নম্বর পরিবর্তনের প্রক্রিয়ায় রোল নম্বর থাকে না। মূল ডিভাইসে প্রবেশ করতে হয়, যা প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামাররা ব্যবহার করতে পারেন। তাঁদের কৌশলে বাঁচানো হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। তবে তাঁর এ বক্তব্য কারিগরি মূল্যায়ন; কার প্রবেশাধিকার ছিল এবং কে সিস্টেম ব্যবহার করেছেন, তা ডিজিটাল লগ পরীক্ষা করেই নিশ্চিত হওয়া প্রয়োজন।
বোর্ড সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটি যাঁদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সম্ভবত সে কারণেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
তিনি জানান, প্রাথমিকভাবে কম্পিউটার শাখার স্ক্যানিং প্রক্রিয়ায় জালিয়াতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বুয়েটের অনলাইন আবেদন ও আইটি ব্যবস্থার দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। বোর্ডের কম্পিউটার শাখায় দুজন প্রোগ্রামার দিয়ে কাজ চলে; কাজের চাপ বাড়লে দৈনিক মজুরিভিত্তিতে ৮ থেকে ১০ জন বা তার বেশি কর্মচারী নিয়োগের নজির রয়েছে।
আগের মামলার তদন্তেও প্রশ্ন
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের তৎকালীন এক কর্মকর্তার ছেলে নক্ষত্র দেবনাথের ফল জালিয়াতির অভিযোগে ২০২৫ সালের ২১ জানুয়ারি পাঁচলাইশ থানায় মামলা হয়। বোর্ডের তৎকালীন সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে করা মামলায় আসামি করা হয় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ, কিবরিয়া মাসুদ খান, নক্ষত্র দেবনাথ ও অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে।
শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের তদন্তে ফল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে নক্ষত্রের ফলাফল, সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট বাতিল করা হয়। মামলায় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ও কিবরিয়া মাসুদ খান কারাগারেও যান; পরে জামিনে মুক্তি পান।
তবে পুলিশের অভিযোগপত্রে ডিজিটাল তথ্য-প্রমাণের পূর্ণাঙ্গ বিবরণ এবং ফলাফল পরিবর্তনের কারিগরি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগপত্রে কিবরিয়া মাসুদ খানের বিরুদ্ধে অফিসের স্বাভাবিক কার্যক্রম শেষে একাকী কাজ করা এবং অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের নির্দেশে ডিজিটাল রেকর্ড পরিবর্তন করে সার্ভারে আপলোডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। কিন্তু কোন কম্পিউটার, ইউজার আইডি বা আইপি অ্যাড্রেস ব্যবহার করে তথ্য পরিবর্তন করা হয়েছে, সার্ভার লগে কী পাওয়া গেছে—এসব বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি তথ্যের ঘাটতি রয়েছে বলে নথি পর্যালোচনায় প্রশ্ন উঠেছে।
আদালতের আদেশে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর নক্ষত্রের উত্তরপত্র ও নম্বর ফর্দ জব্দ করা হয়। এসব নথিতে প্রকৃত নম্বরের তুলনায় অতিরিক্ত নম্বর দেওয়ার তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তবে উত্তরপত্রে নম্বরের গরমিল পাওয়া আর কম্পিউটারে ফল পরিবর্তনকারী ব্যক্তিকে শনাক্ত করা এক বিষয় নয়।
তিন তদন্তেও অমীমাংসিত ১২ পত্রের রহস্য
নক্ষত্রের ফল প্রকাশের পর তাঁর পরিবার জানতে পারে, ছয়টি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছিল। এ ঘটনায় তাঁর মা বনশ্রী নাথ ২০২৩ সালের ৪ ডিসেম্বর পাঁচলাইশ থানায় জিডি করেন।
তদন্তে জানা যায়, ২৮ নভেম্বর রাত ৮টা ১৩ মিনিটে একটি টেলিটক নম্বর থেকে আবেদন করা হয়। নম্বরটি মামুনুর রহমান মামুনের নামে নিবন্ধিত এবং চকবাজারের ‘চকরিয়ার কম্পিউটার’ নামের একটি দোকানে ব্যবহার করা হতো। আবেদনে রেফারেন্স হিসেবে ব্যবহৃত বাংলালিংক নম্বরটি ছিল বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীমের নামে। তবে দোকানমালিক নির্দিষ্ট আবেদনকারীকে শনাক্ত করতে পারেননি; দোকানে সিসিটিভিও ছিল না।
পরে বনশ্রী নাথ সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। কাউন্টার টেরোরিজম বিভাগের তদন্তে ‘Alex Alim’ ও ‘Edris Ali’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার সত্যতা পাওয়া যায়। কিন্তু ১২টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন আবদুল আলীম বা মুহাম্মদ ইদ্রিস আলী করেছিলেন, এমন প্রমাণ মেলেনি। ফলে একাধিক তদন্তের পরও আবেদনকারী অজ্ঞাত থেকে যান।
মামলা হচ্ছে, জালিয়াতি থামছে না কেন?
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এর আগেও এসএসসির ৩৪টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন করে ১৭ শিক্ষার্থীকে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। বারবার মামলা ও তদন্তের পরও একই ধরনের অভিযোগ সামনে আসায় বোর্ডের নিরাপত্তাব্যবস্থা, জনবল ব্যবস্থাপনা এবং জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীম বলেন, ‘দীর্ঘদিন ধরে এক ধরনের বিচারহীনতা চলছে। জবাবদিহি নেই। এসব না থাকার কারণে ফল জালিয়াতি করার সাহস পাচ্ছে। একটু একটু অপরাধ করতে করতে এখন বড় অপরাধও করছে।’
শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারা আলম বলেন, ‘আমরা কেন এই দুর্নীতিটা রোধ করতে পারছি না? শিক্ষা প্রতিষ্ঠানে যতদিন দুর্নীতি রোধ করা না যাবে, ততদিন শিক্ষা ব্যবস্থার এই অনিয়ম রয়ে যাবে। দ্রুত সময়ে এসব ফল জালিয়াতি বন্ধ করা দরকার।’
নতুন মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত বলেন, ‘বর্তমানে কারা আবারও ফল জালিয়াতি করছে, তা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। বাকিটা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।’ মামলাটি সিআইডিতে যাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো কাগজ আমি পাইনি।’
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বিবার্তাকে বলেন, বোর্ডের সচিবের দেওয়া এজাহার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দিষ্ট কম্পিউটার, ইউজার, আইপি অ্যাড্রেস বা সার্ভার লগের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা হয়েছে কি না, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফেরাতে শুধু মামলা বা তদন্ত কমিটি যথেষ্ট নয়। প্রয়োজন স্বাধীন ও বিশেষায়িত তদন্ত, ডিজিটাল আলামত জব্দ ও ফরেনসিক পরীক্ষা এবং ফলাফল প্রস্তুত থেকে প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে কার কী দায়িত্ব ছিল, তা নির্ধারণ করা। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, আবার প্রভাব খাটিয়ে প্রকৃত অপরাধীরাও যেন রেহাই না পান—সেটিও নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামবাসীর প্রত্যাশা, সিআইডি তদন্তের দায়িত্ব পেলে শুধু সামনে থাকা কয়েকজন কর্মচারী নয়, ফল জালিয়াতির পুরো চক্রের মুখোশ উন্মোচন করবে। বেরিয়ে আসবে কারা নম্বর পরিবর্তন করেছেন, কারা সুযোগ করে দিয়েছেন, আর কারা আড়াল থেকে কলকাঠি নেড়েছেন। প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকলে একের পর এক মামলা করেও শিক্ষা বোর্ডের প্রতি মানুষের আস্থা ফেরানো কঠিন হবে।
বিবার্তা/জাহেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]