
সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ নিধন আর বনরক্ষীদের ওপর দা নিয়ে হামলা, এই দুই অপরাধের পর অবশেষে আইনের জালে ধরা পড়লো বিষচক্রের ২ হোতা।
শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে মোংলার জয়মনি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বন বিভাগ ও পুলিশ।
সোহেল শেখ (৩৫) ও লাইজু বেগম (৩২) কে জয়মনির এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বর্তমানে তারা মোংলা থানা হেফাজতে রয়েছেন। ৮ নভেম্বর রবিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
বন বিভাগ সূত্র জানায়, গত ২ নভেম্বর বিকেলে দাকোপ রেঞ্জের ভেতরের একটি সরু খালে নৌকা নিয়ে বিষ দিয়ে মাছ ধরছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা সেখানে টহলে যান।
বনরক্ষীদের দেখেই চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সোহেল শেখের নেতৃত্বে লাইজু বেগমসহ অন্যরা দা, লাঠিসোটা নিয়ে বনরক্ষীদের ওপর হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে বনরক্ষীদের ধাওয়া দিয়ে বিষের ড্রাম, জাল ও নৌকা ফেলে জঙ্গলে পালিয়ে যায় তারা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বনরক্ষীরা।
পরে ঘটনাস্থলের ভিডিও ও ছবি দেখে হামলাকারী হিসেবে সোহেল শেখ ও লাইজু বেগমকে শনাক্ত করা হয়।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর গত ৪ নভেম্বর দ্রুত মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পেয়েই বন বিভাগ ও পুলিশ যৌথভাবে জয়মনি এলাকায় নজরদারি বাড়ায়। শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
বন কর্মকর্তারা বলছেন, এটা সাধারণ মাছ ধরা নয়, এটা সুন্দরবনকে ধীরে ধীরে মেরে ফেলার ষড়যন্ত্র।
এক বোতল বিষ খালে ঢাললেই, মাছ, চিংড়ির পোনা, কাঁকড়া, শামুক, ব্যাঙ সব একসাথে মরে ভেসে ওঠে, বিষাক্ত পানি খেয়ে অসুস্থ হয় হরিণ, বানর, শূকর, মরা মাছ খেয়ে মারা যায় মাছরাঙা, বক, ঈগলসহ শত শত পাখি। খালের তলদেশের শেওলা ও জীবাণু নষ্ট হয়ে ভেঙে পড়ে পুরো খাদ্যচক্র
এভাবে গত কয়েক বছর ধরে একটি চক্র সুন্দরবনের খালগুলোকে বিষাক্ত করে তুলছিল।
এ ঘটনায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন,"বিষ বিক্রি ও বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করা হয়েছে। সুন্দরবনে এ অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। সুন্দরবন রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতিতে আছে। যেই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।"
চাঁদপাই স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার পর সুন্দরবনে বনরক্ষীদের টহল আরও জোরদার করা হয়েছে। বিষ বিক্রেতাদের তালিকা করে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]