সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে আসবে পরিবর্তন, সৃষ্টি হবে কর্মসংস্থান: প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৫:০০
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে আসবে পরিবর্তন, সৃষ্টি হবে কর্মসংস্থান: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সমবায়ের হাত ধরেই বদলে যাবে গ্রামীণ জীবন। সমবায় কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, উন্নত হবে মানুষের জীবনমান। পাশাপাশি সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, সম্প্রীতি ও আত্মনির্ভরশীলতা গড়ে উঠবে।


রবিবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু।


প্রতিমন্ত্রী বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা আরও জোরদার করতে হবে। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষকে সমবায়ের আওতায় এনে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে।


তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ছোট ছোট সমবায় সমিতি গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করে তাদের সঞ্চয়, বিনিয়োগ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।


প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক হলে চলবে না। গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদসহ বিভিন্ন উৎপাদনমুখী খাতে মানুষের অংশগ্রহণ বাড়ানো সম্ভব। এতে গ্রামীণ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সম্ভাবনা তৈরি হবে।


অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সমবায়ীদের উৎপাদিত পণ্য ও তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


বিবার্তা/বাবু/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com