
নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রুপের প্রধান আবু লালকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আশিকুর রহমান।
গ্রেফতারকৃত আবু লাল নরসিংদী শহরের খাটেহারা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, শহরের চৌয়ালা এলাকায় হেলাল গ্রুপ ও আবু লাল গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে কিছুদিন পর পরই তাদের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের একাধিকবার সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। গত ২ নভেম্বর বিরোধের জেরে আবু লাল তার দলবল নিয়ে হেলাল গ্রুপের সদস্য বাবুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। এসময় আহত হয় আরো দুইজন। এঘটনায় নিহতের পরিবার আবু লালকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন । মামলার পরই প্রধান আসামি আবু লাল আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেফতারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশের সমন্বয়ে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সদর থানার বিভিন্ন চরাঞ্চল এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আবু লালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্য মতে শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে নরসিংদী মডেল থানার খাটেহারা এলাকার তার নিজ বাড়ির রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে হত্যায় ব্যবহৃত বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, আবু লাল এর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। আর অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করবে। তাকে আদালতে শোপর্দ করা হবে। হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]