টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৫:১৬
টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কক্সবাজারে টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।


বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।


স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার জানান, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকা থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে পালংখালী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ডাম্প ট্রাকটি নিয়ে চালক ও সহকারী পালিয়ে যায়।


নুরুল আবছার বলেন, দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com