চট্টগ্রামে নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৬
চট্টগ্রামে নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রত্যয়ে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।


বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।


দিনের শুরুতে নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।


চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সাম্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।


তিনি বলেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।


অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে তিনি বলেন, সংবিধান সংস্কারের কাজ শুরু হয়েছে। সব রাজনৈতিক ও সামাজিক অংশীজনের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


তিনি বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।


এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) কামরুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকেও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে জননিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন সুসংহত এবং জনবান্ধব পুলিশিং আরও জোরদারে রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে।


একইভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর নেতৃত্বে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনারসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জয়দেব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com