ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৪:৪২
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।


সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক আবু নাঈম খান।


দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।


আহত জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনুসের ছেলে এবং পণ্যবাহী ট্রাকটির চালক। সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে ও ট্রাকটির সহকারী। এ ছাড়া, আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে এবং লাভলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার ইনসানের ছেলে। তারা ট্রাকটির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।


ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, ‘দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com