
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিদ্যালয় চলাকালে এক শিক্ষিকাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে অপর এক শিক্ষিকার বিরুদ্ধে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ১৩নং ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে ছেলেদের খেলার জার্সি খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে সহকারী শিক্ষিকা আসমা আক্তার ও হালিমা সুলতানার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আসমা আক্তার বেতের লাঠি দিয়ে হালিমা সুলতানাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি আহত হন। ঘটনার সময় অফিস কক্ষে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ছাড়াও কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আকস্মিক এ ঘটনায় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তারের বিরুদ্ধে এর আগেও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বকাঝকা ও গালিগালাজের অভিযোগ রয়েছে। এমনকি একবার এক পুরুষ শিক্ষককে জুতা নিয়ে মারতে তেড়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। তবে আহত শিক্ষিকা হালিমা সুলতানা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তার বলেন, “কথাকাটাকাটির একপর্যায়ে হালিমা সুলতানা আমাকে মারতে এলে আত্মরক্ষার্থে আমি তাকে ২-৩টি আঘাত করেছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
জিয়ানগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, আমি বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]