
প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশু হুমাইরা খাতুন সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার হুমায়ুন ইকবাল আহমেদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বলেন, জেলায় এটাই প্রথম হামে আক্রান্ত হয়ে মৃত্যুর হলো। শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ আসে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়।
২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হলেও পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত জেলায় অন্তত ৫০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]