তালা হাসপাতালের ড্রাইভারের দৌরাত্ম্য, কর্তৃপক্ষকে না জানিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া!
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২২
তালা হাসপাতালের ড্রাইভারের দৌরাত্ম্য, কর্তৃপক্ষকে না জানিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া!
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালা হাসপাতালের ড্রাইভার এনামুল ইসলামের দৌরত্বের শেষ কোথায়? কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ভাড়া খাটানো, রোগীদের সাথে খারাপ ব্যবহার ও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে আরএমও ডা. খালিদ হাসান নয়ন তালা হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ বিল প্রদান করেছেন বলে জানা গেছে।


সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাড়ায় পরিচালিত করেছেন এই ধুরন্ধর ড্রাইভার এনামুল ইসলাম।


প্রাপ্ত তথ্যে জানা যায়, সোমবার সন্ধ্যায় তালার এক ক্লিনিকের ব্যক্তিগত অ্যাম্বুলেন্স উপজেলার শাহদা ব্রিজের কাছে বিকল হয়ে পড়ে। এসময় তালা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার এনামুল কর্তৃপক্ষকে না জানিয়ে সরকারি অ্যাম্বুলেন্স গোপনে ভাড়া দেন। হাসপাতালের অ্যাম্বুলেন্সের পিছনে ঐ বিকল অ্যাম্বুলেন্স বেঁধে সাতক্ষীরায় গ্যারেজে টেনে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে তালা হাসপাতালের আরএমও ডা. খালিদ হাসান নয়ন, তার ব্যক্তিগত সহকারী রানার মাধ্যমে কর্তব্যরত উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা লিটন মল্লিকের কাছ থেকে ভুয়া রশিদ তৈরি করিয়ে নেন বলে জানা গেছে। ড্রাইভারের কথা অনুযায়ী সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ইলিয়াস নামে কোনো রোগী ভর্তির সন্ধান পাওয়া যায়নি।


তালা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার এনামুল ইসলাম বলেন, আমি রোগী নিয়ে সাতক্ষীরা মেডিকেলে কলেজে হাসপাতালে যাচ্ছিলাম। শাকদহার কাছে গিয়ে দেখি তালার একটি ক্লিনিকের অ্যাম্বুলেন্স খারাপ হয়ে গেছে। তখন তাদের অনুরোধে সরকারি অ্যাম্বুলেন্সের পিছনে বেঁধে সাতক্ষীরায় নিয়ে যাই। সরকারি অ্যাম্বুলেন্স এই কাজে ব্যবহারের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নেরে জবাবে তিনি রাগান্বিত হয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন। তবে অনুসন্ধ্যান করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ইলিয়াস নামে কোনো রোগী ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়নি।


উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা লিটন মল্লিক বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আরএমও ডা. খালিদ হাসান নয়ন তার সহকারী রানাকে দিয়ে আমার কাছ থেকে অ্যাম্বুলেন্স ভাড়ার একটি রশিদ নিয়ে গেছেন। তবে গতকাল বিকালে আমার দ্বায়িত্ব ছিলো না।


উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফতেমা বেগম বলেন, গতকাল দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আমার ডিউটি ছিলো। এই সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স কোথাও ভাড়ায় যায়নি। কেউ কোনো জায়গায় ভাড়া খাটিয়েছেন কিনা আমার জানা নেই।


তালা হাসপাতালের আরএমও ডা. খালিদ হাসান নয়নের কাছে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি এমন কি হোয়াটসএ্যাপে মেসেজ পাঠালেও তিনি কোনো বক্তব্য দেননি।


তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জ্যোর্তিময় সরকার বলেন, বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। তবে আমি যতটুকু জানি গতকাল অ্যাম্বুলেন্স কোথাও ভাড়ায় যায়নি। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/সেলিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com