রাসিকের ৪৩৮ কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:২০
রাসিকের ৪৩৮ কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।


সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় নগরীর ১৩নং ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আজ থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত। এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজশাহী মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ থেকে ১০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হচ্ছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।


শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, আপনাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসুন। একটি টিকা আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের নিশ্চিয়তা দিতে পারে। শিশুদের মধ্যে কোন হাম-রুবেলা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থকেন্দ্রে নিয়ে যান ও চিকিৎসকের পরামর্শ নিন।


রাসিক প্রশাসক আরও বলেন, হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে।


অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, রাসিকের ৭ ও ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপি‘র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com