
নাটোরের সিংড়া উপজেলায় একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের জমিতে প্রতিপক্ষের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবুপাড়ায়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমজাদ হোসেনের সঙ্গে বিমল চন্দ্র ঘোষের প্রায় ২২ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে একপর্যায়ে গ্রাম্য প্রধানের উপস্থিতিতে জমি মেপে সীমানা নির্ধারণ করা হয় এবং উভয় পক্ষকে শান্ত করা হয়। তবে কিছুদিন পর অভিযোগ ওঠে, সেই সিদ্ধান্ত অমান্য করে আমজাদ হোসেনবিতর্কিত জমিতে ঘর নির্মাণ শুরু করেন।
ভুক্তভোগী বিমল চন্দ্র ঘোষের পুত্রবধূ ববি ঘোষ জানান, “আমরা পরিবারসহ বগুড়ায় বসবাস করি। আমাদের জমি জবরদখল করে ঘর নির্মাণের খবর পেয়ে গ্রামে এসেছি।
থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে আপাতত নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। আমরা সংখ্যালঘু হিন্দু এই কারণে কি আমরা ন্যায়বিচার পাব না? সঠিক তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই।
অন্যদিকে অভিযুক্ত মো. আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, যেদিন আমিন দিয়ে জমি মাপা হয়েছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না। এটি আমার ক্রয়কৃত সম্পত্তি। তারা আমাকে দখল বুঝিয়ে দিচ্ছে না। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
আদালতের বিজ্ঞ জিপির মতামতের ভিত্তিতেই আমি আমার জমিতে ঘর নির্মাণ করছি। আমার বৈধ দলিল আছে, আমি কারও জমি জবরদখল করিনি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক অবস্থায় পুলিশ গিয়ে সমাধানের জন্য কাজটি বন্ধ করে দিয়েছে।
বিবার্তা/রাজু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]