বগুড়ায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯
বগুড়ায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার শেরপুরে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুত রাখা প্রায় আড়াই হাজার লিটার ডিজেল জব্দ করে তা কৃষকদের কাছে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে।


বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মেসার্স বিমল ট্রেডার্সের মালিক স্বপন চন্দ্র মণ্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।


প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৫ হাজার লিটার ডিজেল মজুতের অনুমতি থাকলেও স্বপন চন্দ্র মণ্ডল প্রায় ৯ হাজার লিটার তেল সংগ্রহ করেন। এর মধ্যে বিক্রির পর অবশিষ্ট প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল গোপনে মজুত রাখা হয়। অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছিল।


স্থানীয় কৃষক আরব আলী বলেন, তেলের অভাবে সেচকাজ ব্যাহত হচ্ছিল। অথচ দোকানে তেল মজুত রেখেও বেশি দাম চাওয়া হচ্ছিল। প্রশাসনের অভিযানের ফলে তারা ন্যায্যমূল্যে তেল পেয়েছেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইনের আওতায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।


তিনি আরও জানান, জব্দ করা ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়ানো কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com