
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তির মাধ্যমে ১৪৩২ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ।
বর্ণিল আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিতে ছিল বৈশাখী শোভাযাত্রা, বর্ষবরণ উৎসব, পান্তা—ইলিশ, পিঠা—পুলি, দেশীয় মিষ্টান্নসহ ঐতিহ্যবাহী খাবারের স্টল এবং নানান লোকজ পরিবেশনা।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বর থেকে সকাল ৯ টায় শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। ঢাক—ঢোল, পটচিত্র, ফেস্টুন, হাতপাখা, প্ল্যাকার্ডসহ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে খেলার মাঠের পূর্বকোণের আমবাগানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শুরু হয় বৈশাখী উৎসব। উৎসবের সাংস্কৃতিক পর্বে পরিবেশন করা হয় নববর্ষের আগমনী সঙ্গীত, লোকসংগীত, দলীয় সংগীত, নৃত্য, আঞ্চলিক গীতিনাট্য এবং উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা। গম্ভীরার মাধ্যমে বাংলা সন প্রবর্তনের ইতিহাস এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য মোহাম্মদ আলী দ্বীন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, ব্যবসা ও আইন অনুষদের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ(অব.), প্রক্টর ডা. মো. আব্দুল আউয়াল, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্লানিং এবং ডেভেলপমেন্টের উপ—পরিচালক মো. সিরাজুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গান পরিবেশন করেন। এরপর বাংলা সংস্কৃতিকে প্রতিনিধিত্বকারী একটি ফ্যাশন শো—এর মাধ্যমে বৈশাখী উৎসবের পরিসমাপ্তি ঘটে। দিনব্যাপী এই উৎসবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রূপ নেয় এক খন্ড রঙিন বাংলায়।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]