
রহস্যজনকভাবে দীর্ঘদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেসরকারি নার্সিং কলেজসমূহের বিএসসি কোর্সের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বন্ধ রয়েছে। এছাড়া নির্মাণ হলেও এখনো বন্ধ হয়ে পড়ে রয়েছে রয়েছে রাজশাহী শিশু হাসপাতাল। অবিলম্বে এ সরকারি হাসপাতালে নার্সিংয়ের ইন্টার্নশিপ ও শিশু হাসপাতাল চালুর দাবি জানিয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত বিভিন্ন নার্সিং কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের কাছে দেওয়া পৃথক স্মারকলিপিতে সংগঠনটি এ দাবি জানায়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘রাজশাহী বিভাগীয় শহর। উত্তর জনপদের হাজার হাজার মানুষের চিকিৎসার ভরসাস্থল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু রহস্যজনকভাবে হাসপাতালটিতে বেসরকারি নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ বন্ধ রাখা হয়েছে। অথচ দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার বিএসসি কোর্সের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করার সুযোগ পান। এমনকি রামেক হাসপাতালে বেসরকারি কলেজের ডিপ্লোমা নার্সিং কোর্সের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ করার সুযোগ পান। সেখানে একই কলেজের বিএসসি কোর্সের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ বন্ধ রাখা দ্বিচারিতা ও বৈষম্য ছাড়া আর কিছুই নয়। অথচ বিএসসি-ইন-নার্সিং কোর্সের চাহিদা বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পৃথিবীর প্রায় সকল দেশেই গ্র্যাজুয়েট নার্সদের (বিএসসি) বাড়তি কদর রয়েছে। রামেক হাসপাতালে বিএসসি নার্সিং শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পেলে রোগীদের সেবাও বাড়বে, চাপ কমবে সিনিয়র স্টাফ নার্সদের। সরকারি হাসপাতালে প্র্যাকটিসের সুযোগ পেলে দক্ষ নার্স হিসেবে তৈরি হতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে আওয়ামী লীগ সরকার ও অন্তবর্তী সরকারের সময় দাবি জানানো হলেও রহস্যজনক কারণে কোনো সমাধান করা হয়নি।’
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ‘এছাড়া রাজশাহী শিশু হাসপাতাল অনেক আগে নির্মাণ হলেও রহস্যজনক কারণে এখনো চালু হয়নি। এখনো আইসিইউসহ কাঙ্খিত চিকিৎসার অভাবে প্রতিদিনই অসুস্থ শিশু মারা যাচ্ছে। অথচ বিভাগীয় গুরুত্বপূর্ণ এ শহরে শিশু হাসপাতাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সার্বিক অবস্থা বিবেচনায় রামেক হাসপাতালে অবশ্যই বিএসসি-ইন-নার্সিং কোর্সের শিক্ষার্থীদের সরকারি নীতিমালা মোতাবেক ভাতা প্রদানসহ ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপের সুযোগ প্রদান এবং রাজশাহী শিশু হাসপাতাল অবিলম্বে চালু করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার এসব বিষয় আমলে নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করবে বলে আমরা আশা করছি। এতে উন্নতি ঘটবে দেশের স্বাস্থ্য খাতের।’
সাক্ষাতকালে ইন্টার্নশিপের ব্যাপারে প্রথমে নিজেদের দায় এড়িয়ে যান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান। তবে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান আইনী দিক তুলে ধরলে দফতরে উপস্থিত এক কর্মকর্তা সংশ্লিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তাকে ফোন দেন। এরপর সমাধানের আশ্বাস দেওয়া হয়। এছাড়া শিশু হাসপাতাল চালুর ব্যাপারে তারা কাজ করছেন বলে জানান। এদিকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনও বিষয়টি আমলে নিয়ে সমাধানের আশ্বাস দেন।
এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ, তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ এবং অন্যান্য সদস্যসহ নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]