পানি পান করতে যাওয়া যুবককে পিটিয়ে মারল শিক্ষকরা
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০১:৩২
পানি পান করতে যাওয়া যুবককে পিটিয়ে মারল শিক্ষকরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নওগাঁয় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটকের পর মাদ্রাসার শিক্ষকদের মারধরে মৃত্যুর অভিযোগ উঠেছে।


বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।


নিহত রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম পানি খাওয়ার জন্য রাতে মাদ্রাসায় প্রবেশ করেছিলেন। তাকে চোর সন্দেহে আটক করেন মাদ্রাসার শিক্ষক সাব্বিরসহ কয়েকজন। এরপর তাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


স্থানীয় বাসিন্দা জহুরুল জানান, মাদ্রসার আশপাশে কোনো বসতি নেই। গভীর রাতে সেখান থেকে চিৎকারের শব্দ ভেসে আসছিল। সকালে এলাকায় জানাজানি হয়, চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।


অভিযুক্ত শিক্ষক সাব্বির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেহরির রান্নার সময় অপরিচিত ওই ব্যক্তিকে আটক করে শিক্ষক সাব্বিরসহ কয়েকজন গাছে বেঁধে মারধর করেন। পরে অচেতন অবস্থায় তাকে দেখে পুলিশে খবর দেয়া হয়।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com