
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাজন কুমার মিস্ত্রি বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে মোরেলগঞ্জ ও শরণখোলাকে একটি আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। সুন্দরবনের পাশ ঘেঁষা এই অঞ্চল পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। পরিকল্পিত উদ্যোগ নিলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতি চাঙা হবে এবং তরুণদের ভবিষ্যৎ নিরাপদ হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরে নির্বাচনী প্রচারণা শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাজন কুমার মিস্ত্রি বলেন, এই আসনে যেসব দৃশ্যমান উন্নয়ন হয়েছে, তার বেশিরভাগই পল্লী বন্ধু এরশাদের শাসনামলে বাস্তবায়িত। সড়ক, বাঁধ, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে জাতীয় পার্টির অবদান মানুষ ভুলে যায়নি।
তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদের আমল ছিল উন্নয়নের স্বর্ণযুগ। সে সময় গ্রামবাংলায় উন্নয়নের ছোঁয়া লেগেছিল। বিদেশি সহায়তা ওবিনিয়োগ এসেছে দেশের কল্যাণে। অথচ এখন দেশের অর্থ অবাধে বিদেশে পাচার হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য গভীর উদ্বেগের বিষয়।
জনগণের উদ্দেশে তিনি বলেন, জাতীয় পার্টিকে আবার সুযোগ দিলে আমরা মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেব, দুর্নীতির বিরুদ্ধে কথা বলব এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব।
পথসভায় জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]