এথেন্সকে হারিয়ে চারে চার রিয়াল
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬
এথেন্সকে হারিয়ে চারে চার রিয়াল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

প্রতিপক্ষের মাঠে দুই দফায় পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুর্দান্ত কামব্যাকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর ম্যাচে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল। রিয়ালের জয়ের নায়ক উরুগুইয়ান তারকা ফেদে ভালভের্দে, যিনি যোগ করা সময়ে বুলেট গতির শটে জয়সূচক গোলটি করেন।


ঘরের মাঠ হাজিয়া সোফিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রিয়ালকে দারুণ চ্যালেঞ্জ জানায় সাত মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফেরা এইকে এথেন্স। ম্যাচের সপ্তম মিনিটেই লুকা ইয়োভিচের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে স্বাগতিকদের এগিয়ে দেন আবুবাকারি কোইতা। তবে ৩২ মিনিটে মার্ক কুকুরেয়ার পাস থেকে দারুণ এক ফ্লিকে রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহাম।


দ্বিতীয়ার্ধেও লড়াই ছিল সমানে সমানে। ৭৫ মিনিটে কোইতার পাস থেকে স্টাভরোস পিলিওস গোল করে আবারও এগিয়ে দেন এইকেকে। তবে লিড ধরে রাখতে পারেনি তারা। মাত্র তিন মিনিট পরই ডেনজেল ডামফ্রিসের পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান সমান করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন ফরাসি ফরোয়ার্ড।


পাশাপাশি মাত্র ১০২ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলে অবদানের মাইলফলক ছুঁলেন এমবাপ্পে, যেখানে তার সমান ১০২ ম্যাচ লেগেছিল পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিরও। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির লেগেছিল ১০১ ম্যাচ।


ম্যাচ যখন ড্রয়ের পথে, ঠিক তখনই ব্যবধান গড়ে দেন ফেদে ভালভের্দে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ডান পায়ের শটে বল জালে পাঠান এই মিডফিল্ডার। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের ধারাও ধরে রাখল রিয়াল। চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে অবস্থান করছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জিতল জোসে মরিনিওর দল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com