
বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস বাকি। এরই মধ্যে স্কোয়াডের ২২ জনের নাম চূড়ান্ত করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এমন তথ্যই দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি পাওয়া ক্রিস্টিয়ান রোমেরোর চোট আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি করেছিল। টটেনহ্যামের হয়ে খেলতে গিয়ে মাঠ ছাড়তে বাধ্য হওয়া এই ডিফেন্ডারের ডান পায়ের লিগামেন্টে আঘাত ধরা পড়ে। তবে সোমবার জানা যায়, তার সুস্থ হতে সময় লাগবে ছয় থেকে আট সপ্তাহ; যা কিছুটা স্বস্তি এনে দিয়েছে দলকে।
তবুও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে স্কালোনি বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন। এই অবস্থায় লিওনার্দো বালের্দিকে প্রধান বিকল্প হিসেবে ধরা হচ্ছে, আর দলে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দা মেদিনা। চোট থাকা সত্ত্বেও রোমেরো চূড়ান্ত দলে থাকবেন। তবে ম্যাচ ফিটনেসের ঘাটতির কারণে তার জায়গায় অন্যদের সুযোগ বাড়ছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে (১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে) রোমেরোকে নিয়ে ঝুঁকি না নিতে পারে কোচিং স্টাফ। সেক্ষেত্রে বালের্দি শুরুর একাদশে জায়গা পেতে পারেন। এছাড়া তিনি বর্তমানে (ওতামেন্দিকে বাদ দিলে) একমাত্র ডান পায়ের সেন্টার-ব্যাক।
এদিকে চোটের কারণে জুয়ান ফয়েথ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে দলে পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে জায়গা পাওয়ার লড়াই আরও জমে উঠেছে। বর্তমানে নিশ্চিত নামগুলোর মধ্যে রয়েছেন রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ ও বালের্দি। এর সঙ্গে আরও একজন ডিফেন্ডার যুক্ত করা হবে।
পঞ্চম ডিফেন্ডার হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সেনেসি। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইংলিশ ক্লাব বোর্নমাউথে নিয়মিত খেলছেন। ২০২২ সালে ফেইনুর্দ থেকে যোগ দেয়ার পর থেকেই তিনি দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং প্রয়োজনে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেন।
চলতি মৌসুমে সেনেসি ৩৩টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমেছেন। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও তিনি সুযোগ পেয়েছেন এবং লা বোম্বোনেরায় মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে ৬১ মিনিট খেলেন।
অন্যদিকে, মার্সেইয়ের হয়ে খেলা মেদিনা কিছুটা পিছিয়ে রয়েছেন। সর্বশেষ তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন গত বছরের জুনে বিশ্বকাপ বাছাইপর্বে, যেখানে কলম্বিয়ার বিপক্ষে ১-১ ড্র ম্যাচে লেফট-ব্যাক হিসেবে খেলেন। এরপর থেকে আর দলে ডাক পাননি, আর চোটের কারণেও অক্টোবরে খেলতে পারেননি।
যাদের ডাক পাওয়া প্রায় নিশ্চিত
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্শেই);
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ);
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেস (অ্যাথলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো), থিয়াগো আলমাদা (অ্যাথলেতিকো মাদ্রিদ);
ফরোয়ার্ড: গুলিয়ানো সিমিওনে (অ্যাথলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাথলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে লোপেজ (পালমেইরাস)।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]