
আর্সেনালের শিরোপা দৌড়ে স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০, আর এক ম্যাচ কম খেলা সিটির সংগ্রহ ৬৪।
রবিবার (১২ এপ্রিল) ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউ— বিরতিতে স্কোরলাইন ছিল গোলশূন্য।
তবে দ্বিতীয়ার্ধে নেমেই গতি পাল্টে দেয় ম্যানচেস্টার সিটি। খেলার ৫১ মিনিটে রায়ান শেরকির দারুণ একটি ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে দলকে এগিয়ে দেন নিকো ও’রাইলি। ৬ মিনিট পর আবারও শেরকির ঝলক, তার নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক গেহি। চেলসির বিপর্যয় আরও বাড়ে ৬৮ মিনিটে। মোইজেস কাইসেদোর ভুলে বল পেয়ে সুযোগটি কাজে লাগান জেরেমি ডোকু।
চেলসির বিপক্ষে আসরে প্রথম দেখায় জানুয়ারির শুরুতে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল সিটি। এবার প্রথমার্ধে ভুগতে হলেও, পরে দারুণ পারফরম্যান্স উপহার দিল তারা।
বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও ম্যাচের শুরুতে আক্রমণে বেশি সক্রিয় ছিল চেলসি। তবে তাদের গড়ে তোলা সুযোগগুলোর শেষটা ছিল হতাশাজনক। অভিজ্ঞ লেফট-ব্যাক মার্ক কুকুরেইয়া একবার জালে বল জড়ালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়।
প্রথমার্ধে দুই দলই সমান পাঁচটি করে শট নেয়, কিন্তু কোনোটিই খুব একটা বিপজ্জনক হয়ে উঠেনি। ফলে দুই গোলরক্ষকের কাউকেই বড় কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি, আর গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
৪৭তম মিনিটে ডি-বক্সে অরক্ষিত অবস্থায় আর্লিং হলান্ড শট নিলেও তা রক্ষণে প্রতিহত হয়। এরপরই ডোকু বক্সে কোল পামারের সঙ্গে বলের দখল নিতে গিয়ে পড়ে গেলে পেনাল্টির দাবি জানায় সফরকারীরা, কিন্তু রেফারি তাতে সাড়া দেননি।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটির। ৫১তম মিনিটে ডানদিক থেকে হায়ান শেরকির দারুণ ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন নিকো ও’রাইলি। ২১ বছর বয়সী এই লেফট-ব্যাকের জন্য এটি ছিল চলতি লিগে পঞ্চম গোল, যার চারটিই এসেছে সাম্প্রতিক কয়েক ম্যাচে।
মাত্র ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সিটি। এবারও আক্রমণের সূচনা করেন শেরকি— দুর্দান্ত স্কিলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে বল বাড়ান তিনি। সেখান থেকে চমৎকার প্রথম টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে কোণাকুণি শটে গোল করেন ইংলিশ সেন্টার-ব্যাক গেহি।
৬৮তম মিনিটে চেলসির ভুলে আসে তৃতীয় গোল। ডি-বক্সের বাইরে গোলরক্ষকের পাস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন মোইসেস কাইসেদো। সুযোগ বুঝে বল কেড়ে নিয়ে দ্রুত বক্সে ঢুকে নিচু শটে জালে বল জড়ান জেরেমি ডোকু। বাকি সময়টায় ম্যাচে ফেরার মতো কোনো লড়াই গড়ে তুলতে পারেনি চেলসি। বরং সিটির বিপক্ষে আরেকটি হতাশাজনক পরাজয়ই দেখতে হয় তাদের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]