বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৩:০২
বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। তার আগেই মেগা এই টুর্নামেন্টের জন্য প্রতিটি দলকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে, আর সেই প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক দল গুছিয়ে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে জমা দিয়েছেন। এই তালিকা থেকেই ২৬ জনের চূড়ান্ত বিশ্বকাপ দল নির্বাচন করা হবে।


আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২৩তম আসর। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। মার্চ উইন্ডোর প্রীতি ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, তিনি এমন একটি তালিকা তৈরি করেছেন যেখানে নিশ্চিত খেলোয়াড়দের পাশাপাশি ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় এবং পরীক্ষামূলক ফুটবলারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।


তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে দলে বিভিন্ন পজিশনে তীব্র প্রতিযোগিতা চলছে। বিশেষ করে তৃতীয় গোলরক্ষক পজিশনে হুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেজের মধ্যে লড়াই চলছে, যেখানে এখন পর্যন্ত এগিয়ে আছেন মুসো। একইভাবে ব্যাকআপ লেফটব্যাক হিসেবে মার্কোস আকুনা ও গ্যাব্রিয়েল রোহাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেন্টারব্যাক পজিশনে অতিরিক্ত বিকল্প হিসেবে মার্কোস সেনেসি এবং ফাকুন্দো মেদিনার নামও আলোচনায় রয়েছে।


মিডফিল্ড ও আক্রমণভাগেও স্কোয়াড নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সহজ হচ্ছে না। জিওভানি লো সেলসোর অন্তর্ভুক্তি তার ফিটনেসের ওপর নির্ভর করছে। অন্যদিকে সম্ভাব্য বিকল্প হিসেবে ভ্যালেন্টিন বারকো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনের মতো তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের নিয়েও আলোচনা চলছে।


টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে গোলরক্ষক হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলি। ডিফেন্ডারদের মধ্যে নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি এবং নিকোলাস তালিয়াফিকো জায়গা পেতে পারেন।


মিডফিল্ডে দেখা যেতে পারে লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকো গঞ্জালেস, এজাকুয়েল প্যালাসিওস, নিকোলাস পাজ এবং থিয়াগো আলমাদাকে। আক্রমণভাগে জায়গা পাওয়ার সম্ভাবনায় রয়েছেন জুলিয়ানো সিমিওনে, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ এবং হোসে ম্যানুয়েল লোপেজ।


অন্যদিকে চূড়ান্ত তালিকার বাইরে থেকেও বেশ কয়েকজন ফুটবলার স্কালোনির বিবেচনায় রয়েছেন। গোলরক্ষক ফাকুন্দো কাম্বেসেস, ডিফেন্ডার কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রোইলো, লাউতারো রিভেরো, টমাস প্যালাসিওস, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, আগুস্তিন গিয়াই, ফ্রান্সিসকো ওর্তেগা এবং কেভিন ম্যাক অ্যালিস্টার আছেন এই তালিকায়।


মিডফিল্ডে অ্যালান ভারেলা, অ্যানিবাল মোরেনো, এজাকুয়েল ফার্নান্দেজ, এনজো বারেনেচিয়া ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার নাম রয়েছে। ফরোয়ার্ড লাইনে আছেন পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া, সান্তিয়াগো কাস্ত্রো এবং ভ্যালেন্টিন কাস্তেয়ানোস।


সব মিলিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে জায়গা পাওয়ার লড়াই যেমন তীব্র, তেমনি স্কালোনির জন্যও চূড়ান্ত ২৬ জন বাছাই করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


টিওয়াইসি’র মতে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড


গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা) ও জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)।


ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা) ও নিকোলাস তালিয়াফিকো (লিওঁ)।


মিডফিল্ডার : লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), এজাকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো) ও থিয়েগো আলমাদা (অ্যাথলেটিকো মাদ্রিদ)।


ফরোয়ার্ড : জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুলিয়ান আলভারেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)।


চূড়ান্ত তালিকার বাইরে বিবেচনায় আছেন যারা
গোলরক্ষক : ফাকুন্দো কাম্বেসেস।


ডিফেন্ডার : কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রোইলো, লাউতারো রিভেরো, টমাস প্যালাসিওস, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, আগুস্তিন গিয়াই, ফ্রান্সিসকো ওর্তেগা, কেভিন ম্যাক-অ্যালিস্টার।


মিডফিল্ডার : অ্যালান ভারেলা, অ্যানিবাল মোরেনো, এজাকুয়েল ফার্নান্দেজ, এনজো বারেনেচিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া।


ফরোয়ার্ড : পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া, সান্তিয়াগো কাস্ত্রো ও ভ্যালেন্টিন কাস্তেয়ানোস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com