ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন ৫ এমপি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৬:১২
ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন ৫ এমপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন ফজলুল হক মিলনসহ পাঁচ এমপি। তাদের মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


মনোনীত পাঁচজন হলেন—ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান, নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ-৩ আসনের মো. কামরুজ্জামান এবং সিরাজগঞ্জ-৫ আসনের মো. আমিরুল ইসলাম খান।


সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩-এর ২০(১)(ই) ধারা অনুযায়ী স্পিকার এই পাঁচজনকে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মোট ১০৫ জন সদস্য থাকেন। আইনের ২০(১) অনুচ্ছেদের বিভিন্ন ধারা অনুযায়ী এই সদস্যরা বিভিন্ন উৎস থেকে আসেন।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে সিনেটের সদস্য। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনোনীত পাঁচজন শিক্ষাবিদ, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা এবং স্পিকার মনোনীত পাঁচজন সংসদ সদস্য সিনেটে প্রতিনিধিত্ব করেন।


এর বাইরে সিন্ডিকেট মনোনীত পাঁচজন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, একাডেমিক পরিষদ মনোনীত পাঁচজন কলেজ অধ্যক্ষ, একাডেমিক পরিষদ মনোনীত ১০ জন কলেজ শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নির্বাচিত ২৫ জন প্রতিনিধি, শিক্ষকদের নির্বাচিত ৩৫ জন শিক্ষক প্রতিনিধি এবং ডাকসু মনোনীত পাঁচজন ছাত্র প্রতিনিধিও সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


উল্লেখ্য, প্রতিবছর জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com