
জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।
বৈঠকে ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা।
অন্যদিকে, ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বৈঠকের শুরুতে পূর্ববর্তী ৩৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতিও আলোচনা করা হয়।
বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।
এ সময় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]