‘কৃষক কার্ড’ সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৯:১৮
‘কৃষক কার্ড’ সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষিনির্ভর বাংলাদেশের কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সারাদেশে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি প্রস্তুতির সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সচিব, বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি উৎসবমুখর দিনে টাঙ্গাইলের মাটিতে এ কর্মসূচির উদ্বোধন জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়।


তিনি আরও বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকদের কল্যাণে নেওয়া এ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মাঠে এই কর্মসূচির সূচনা দেশের কৃষিখাতকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রতিমন্ত্রী বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো নেতার সংগ্রামী ঐতিহ্যে সমৃদ্ধ টাঙ্গাইলের মাটিতে কৃষকদের জন্য এমন একটি উদ্যোগ বাস্তবায়ন হওয়া বিশেষ তাৎপর্য বহন করে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলা, কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।


একই সঙ্গে তিনি জানান, টাঙ্গাইল থেকে উদ্‌বোধনের পাশাপাশি দেশের আরও ৯টি স্থানে একযোগে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে। পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম চালু হলেও পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন এবং নিজ নিজ দায়িত্ব সম্পর্কে মতামত প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক সাফল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।


সভায় জানানো হয়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি ১৫ জন কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com